কুড়িগ্রামে নিরাপদ পানি বিষয়ে কর্মশালা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৬
কুড়িগ্রামে “নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে সোমবার কুড়িগ্রাম সদরের কালীবকসী পাড়া গ্রামে কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চের ‘ঝর্ণা-১ ও ২’ দলের সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি কি, পানি দূষণের কারণ, দূষিত পানির ফলে যেসব রোগ হয়, ব্যক্তিগত ও গৃহস্থালি কাজে পানির ব্যবহার, নিরাপদ পানি পাওয়ার উত্স, পানি নিরাপদ করার উপায়, আর্সেনিক দূষণ সমস্যা, আর্সেনিক বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণ ও রোগসমূহ, আর্সেনিক প্রতিরোধ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার উদ্বোধন করে আশা’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জনাব সৈয়দ জাহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ময়েজ উদ্দিন মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু তাহের সরকার, মোঃ আখতারুজ্জামান, এএসই স্বপন কুমার সরকার ও লোন অফিসার মোঃ নূর আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ৪৬টি ব্রাঞ্চে ৫১০টি কর্মশালার মাধ্যমে ৭২ হাজার সদস্যসহ সারাদেশে আশা’র ৩১০০ টি ব্রাঞ্চের প্রায় ৭০ লাখ সদস্যার মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।