কোটালীপাড়ার মানুষ স্বাস্থ্যমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
কোটালীপাড়ার স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষ স্বাস্থ্যমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করেন। গতকাল শুক্রবার সকালে কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্ল¬ী উন্নয়ন একাডেমীর হলরুমে বিশ্বব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেমান্ড সাইড ফিন্যান্সিং ফর আই কেয়ার প্রকল্পের দেশের প্রথম পাইলটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ ক্ষোভ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটালীপাড়া ৫০ শয্যা হাসপাতালে ২০ জন চিকিত্সক পদে মাত্র ছয়জন কর্মরত রয়েছেন। হাসপাতালের প্যাথলজি অচল, এক্সরে মেশিন বিকল, নেই ইসিজি মেশিনও। এ কারণে চিকিত্সাসেবা বঞ্চিত স্থানীয় লোকজন অনুষ্ঠানে একের পর এক ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশকারীরা অভিযোগ করেন, গতবছর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী কোটালীপাড়া এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করলেও সুযোগ-সুবিধা রয়েছে মাত্র ৩০ শয্যার। ফলে কোটালীপাড়ার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগকালে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর আশ্বাসে স্থানীয় নেতৃবৃন্দ শান্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক হাসপাতালের সমস্যা দ্রুত সমধানের আশ্বাস দেন।