ই-লার্নিং প্লাটফর্ম বাস্তবায়নে কাজ করবে সরকারি ১১ প্রতিষ্ঠান

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:৩১

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি প্রতিষ্ঠানে কোর্স কারিকুলাম ও প্রশিক্ষণ পদ্ধতি আধুনিকায়ন, কেন্দ্রীয় ই-লার্নিং প্লাটফর্ম চালুকরণ, প্রশিক্ষণ অ্যাওয়ার্ড প্রদান ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি-এর সহায়তায় পরিচালিত এটুআই এবং ১১টি সরকারি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটুআই-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান, পিএএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।

আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে প্রশিক্ষণের মান বৃদ্ধি পাবে এবং দক্ষতার সঙ্গে সরকারি সেবা প্রদান সম্ভব হবে। এই সমঝোতা স্মারক দেশের প্রত্যেকটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে এই স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে অবদান রাখবে।’ এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মহোদয়ের নেতৃত্বে এটুআই ও আইসিটি বিভাগ নিয়মিত মনিটরিং করবে।

এটুআই-এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমঝোতা স্বাক্ষর পরবর্তী কার্যক্রম হিসেবে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুষদ সদস্যদের নিয়ে রিসোর্স পুল গঠন করা হবে। এটুআই-এর মুক্তপাঠ/ই-লার্নিং পদ্ধতি ব্যবহার করলে প্রতিটি প্রতিষ্ঠানের খরচ কমবে।’ তিনি কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং উপস্থিত সকলেই স্বাগত জানান। এছাড়াও কয়েকটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ মতামত ব্যক্ত করেন।’

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহ হলো—বাংলাদেশ পুলিশ একাডেমি, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি (বিবিটিএ), প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বিসিএস ট্যাক্স একাডেমি, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিউিটি, জাতীয় সমাজসেবা একাডেমি ও প্রবাসী কল্যাণ ব্যাংক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই-এর মধ্যে অনুষ্ঠিত তৃতীয় সোশ্যাল মিডিয়া সংলাপের সিদ্ধান্ত মোতাবেক উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  স্বাগত বক্তব্য উপস্থাপন করেন এটুআই-এর লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট (উপসচিব) মো. পারভেজ হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট মুহাম্মদ জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিবগণ, এটুআই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।