গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮০টি পরিবারের জন্য তারাপুর ইউনিয়নের লাঠশালার চর ও বেলকা ইউনিয়নের বেকরির চরে নির্মিত হচ্ছে ২টি গুচ্ছ গ্রাম। তিস্তার করাল গ্রাসে জমি-জিরাত খুইয়ে যাওয়া অসহায় পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মাণ করা হচ্ছে ওই গুচ্ছ গ্রাম। ইতোমধ্যে লাঠশালা গুচ্ছ গ্রামের শতকরা ৮০ ভাগ ও বেলকা গুচ্ছ গ্রামের শতকরা ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। গুচ্ছ গ্রাম ২টি নির্মাণের বিপরীতে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা। ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে গুচ্ছ গ্রাম প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে। গুচ্ছ গ্রাম প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার আহ্সান হাবিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। প্রকল্প চেয়ারম্যানরা জানান, গুচ্ছ গ্রাম ২টি নির্মিত হলে ওই এলাকার অসহায় ৮০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হবে। গুচ্ছ গ্রামে যেসব পরিবারকে ঠাঁই দেয়া হবে তাদের পরিবারের সুপেয় পানি এবং স্যানিটেশনসহ ছেলে-মেয়েদের লেখা-পড়ার ব্যবস্থা থাকবে। চলতি বছরেই গুচ্ছ গ্রাম ২টি চালু করা হবে।
