রায়পুরে সন্ত্রাসী আতঙ্কে প্রবাসী পরিবার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
১৫ জানুয়ারি ১৪-১৫ মুখোশধারী ডাকাত রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে আনোয়ার হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি করে। ওই ঘটনার পর হতে প্রায় প্রতি রাতে সন্ত্রাসীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে হুমকি-ধমকিতে চরম ভীত-সন্ত্রস্ত ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে ওই পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত শুক্রবার প্রবাসীর মা আনোয়ারা বেগম রায়পুর থানায় সাধারণ ডায়রি করেন। ভীত-সন্ত্রস্ত প্রবাসীর স্ত্রী রুনু বেগম সাংবাদিকদের বলেন, মুখোশধারী ডাকাত দল বিল্ডিংয়ে থাকা শিশুকন্যাসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা যাওয়ার সময় আমার হাতে কোরআন শরীফ দিয়ে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করতে শপথ করায়। এখন আমার শিশুকন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা নির্ঘুম রাত কাটাই। প্রায় প্রতি রাতেই সন্ত্রাসীরা আমার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। সর্বশেষ বুধবার রাতে বাইরে থেকে অপরিচিত লোকজন কলাপসিবল গেট খুলতে বলে এবং দরজা-জানালাতে আঘাত করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ডাকাতির বিষয়টি পুলিশ অবগত নয়। শুক্রবার প্রবাসীর মা আনোয়ারা বেগম থানায় সাধারণ ডায়রি করেন। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।