সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার রহস্য অনুসন্ধানে সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সম্পাদকরা। তারা হত্যাকারীদের খুঁজে বের করার জন্য সরকারের প্রতি অনাস্থা জানিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে একটি তদন্ত সেল গঠনের আহ্বান জানান। অন্যদিকে হত্যাকারীদের ধরতে গিয়ে জজ মিয়ার মতো কোনো নাটক যেন না হয় সে আবেদন জানিয়েছেন সাগর-রুনী’র পরিবার।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, স্বজন ও বন্ধুদের পক্ষ থেকে আয়োজিত ‘সাগর-রুনীর জন্য আমরা’ শীর্ষক এক আলোচনা সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সাগর সরওয়ারের মা সালেহা মনির, মেহেরুন রুনীর মা নুরুন নাহার মির্জা, নিহত দম্পতির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘসহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মূল আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, এটিএন নিউজের সিইও আবেদ খান, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক সোহরাব হাসান, দৈনিক সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাংবাদিক শাহ আলমগীর, দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার নাজমুল হাসান বাবুল, ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম, ইন্ডিপেন্ডেন্ট এর বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম, সাংবাদিক সাখাওয়াত হোসেন বাদশা, সাজ্জাদ আলম তপু, রাশেদ আহমেদ, সফিক শাহীন, শেখ মামুন ও মোজাম্মেল হক চঞ্চল বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল বাসার।
এবিএম মূসা বলেন, সাগর-রুনীর হত্যাকাণ্ডে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। এর মূল অনেক দূরে। সাগর সরওয়ারের ডায়েরিটি জনসম্মুখে প্রকাশ করতে হবে।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে এই হত্যার রহস্য বের করতে হবে।
এটিএন নিউজের সিইও আবেদ খান বলেন, মেঘের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রতিশ্রুতি এখন শুধু প্রতিশ্রুতিতেই পরিণত হয়েছে।
দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, আমরা সাংবাদিকরা নিজেদের দায়িত্ব ঠিকমত পালন করতে পারিনি। বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাগর-রুনী হত্যাকাণ্ডে প্রকৃত মোটিভ এবং খুনিদের শনাক্ত করতে সরকার ব্যর্থ হলে সাংবাদিকরাই অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে তা বের করতে পারে।
