যিনি নিজের ভাষাকে সহজ, প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় গুছিয়ে পাঠকের সামনে তুলে ধরেন তাকেই আমরা সাধারণ অর্থে লেখক বলে থাকি। একজন লেখক বরাবরই তার দৈনন্দিনের দেখা অভিজ্ঞতাগুলো পাঠকের জন্য মেলে ধরেন। লেখকের চিন্তার গতিপ্রকৃতি সব সময়ই থাকে আর দশজন মানুষের মতোই স্বাভাবিক কিন্তু তার দেখার দৃষ্টিটি থাকে অন্যদের থেকে একেবারেই ভিন্ন, একজন লেখক তার জীবন যাপনের পাশাপাশি জীবন উদযাপন করেন ভাবনা এবং লেখালেখির খরস্রোতা নদীতে বৈঠা বেয়ে। অন্যান্যবারের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এই প্রজন্মের লেখকদের বই। তাই এই প্রজন্মের কয়েকজন মেধাবী লেখকদের বই নিয়ে আমাদের এই আয়োজন।
সিদ্ধ পল্লীর পতিতা
ভাষাচিত্রের ব্যনারে বাজারে এসেছে তানভীর তারেক এর প্রথম কাহিনীগ্রন্থ ‘সিদ্ধ পল্লীর পতিতা’। সময়ের জনপ্রিয় উপস্থাপক, সুরকার ও সংগীতশিল্পী তানভীর তার এই গল্পগ্রন্থ প্রসঙ্গে বলেন, ‘আমার লেখা এই বইটিকে আমি গল্পগ্রন্থ বলতে একেবারেই নারাজ। কারণ, এর প্রতিটি একেকটি লম্বা কাহিনী। পুরো গ্রন্থের একটি নির্যাস আমি ফ্ল্যাপেই দিয়ে দিয়েছি। কাহিনীগুলো দীর্ঘ কয়েক বছর ধরে আমি মাথায় নিয়ে ঘুরছি।’ সিদ্ধপল্লীর পতিতা’ কাহিনীগ্রন্থ মূলত অনর্থক সিদ্ধ বা নিষিদ্ধের তর্কে নয়, সমাজের কিছু চরিত্রের গভীরে থেকে কিছু কথা তুলে আনা হয়েছে।
----
স্কুল ছুটির দিনগুলি
এবার বইমেলায় তরুণ লেখক রণজিত্ সরকারের উপন্যাস ‘স্কুল ছুটির দিনগুলি’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে শুভ্রপ্রকাশ। বইটিতে দরিদ্র পরিবারের সামাজিক চিত্র ফুটে উঠেছে। রণজিত্ সরকারের প্রথম গল্পের বই স্কুল ছুটির পর ২০১২ সালে বইমেলায় প্রকাশ হলে ব্যাপক সাড়া পান। এ বছরই আফতাব বুক হাউস থেকে প্রকাশ পায় গল্পের বই ভূতের ফাঁসি। এ ছাড়াও তার গল্পের বই— টিফিনের সময় (সাহিত্যমালা), স্কুলে ভূতের আড্ডা (বুকস ফেয়ার) ও মায়ের সাথে স্কুলে (রুপ প্রকাশন) থেকে বেরিয়েছে।
---
ফেল্টু বাহিনী
এবারে বইমেলায় লেখক ও সাংবাদিক শাহ আলম সাজুর কিশোর গল্পের সংকলন ‘ফেল্টু বাহিনী’ বইটি প্রকাশ পেয়েছে। এর প্রচ্ছদ এঁকেছেন তারিকুল ইসলাম শান্ত। এই বইয়ে মোট গল্প রয়েছে উনিশটি। মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে ‘ফেল্টু বাহিনী’ বইটি। এর সবগুলো গল্পই দেশের প্রথম সারির দৈনিক পত্রিকায় ছাপা হয়েছিল। সাজু বলেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন পত্রিকায় লিখছি। সেখান থেকে বাছাই করে ‘ফেল্টু বাহিনী’র গল্পগুলো সাজিয়েছি। এদিকে ‘ফেল্টু বাহিনী’ বইটি নিয়ে প্রচণ্ড খুশি সাহিত্যিক সাজু।
---
কয়েকজনা
এবারের বইমেলায় লেখক ও সাংবাদিক রেজাউল করিম খোকনের উপন্যাস ‘কয়েকজনা’ প্রকাশ হয়েছে। চার তরুণীর জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে প্রকাশ হওয়া এই উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এটি প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশন। এর মূল্য ১৮০ টাকা। লেখকের জন্ম কুমিল্লাতে। বেড়ে উঠেছেন চট্টগ্রামে। ছাত্রজীবন থেকে কর্মজীবনের সূচনা ওখানেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি নিয়ে ব্যাংকিং পেশায় নিয়োজিত। স্কুলজীবন থেকেই লেখালেখির সূচনা। নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্রপত্রিকায়।
----
আপেলশাস্ত্র
এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ইশতিয়াক আহমেদের প্রথম উপন্যাস ‘আপেলশাস্ত্র’। বইটি প্রকাশ করছে ভাষাচিত্র প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ১৩৫ টাকা। বইতে আপেলশাস্ত্র সম্পর্কে বলা যায়, আপেলশাস্ত্র আসলে কোনো শাস্ত্র না। আপেলশাস্ত্র হচ্ছে জীবন। আপেলশাস্ত্র জীবনের গল্প। আজাদ নামের এক তরুণের বিপথগামিতা। নন্দিতা নামের এক তরুণীর বিপথগামী প্রেম নিয়েই মূলত আপেলশাস্ত্র। ‘আমি আমার বিশ্বাসের প্রতিনিধি’—এই মৌলিক বিশ্বাসেই মূলত ইশতিয়াক আহমেদের পথ চলা।
----
ভূতের বন্ধু টুত
এবারের বইমেলায় বেরিয়েছে ছড়াকার, লেখক ও সাংবাদিক কাদের বাবুর ‘ভূতের বন্ধু টুত’ নামের শিশুতোষ গল্পের। এটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। কাদের বাবুর জন্ম ১৯৮৪ সালের ২৪ জানুয়ারিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতরবন্দ গ্রামে। মা রাবেয়া বেগম। বাবা প্রয়াত আবদুল হাকিম। রংপুর শহরে পড়াশোনা ও বেড়ে ওঠা। সেখানেই লেখালেখির হাতেখড়ি। দৈনিক যুগের আলোর ছোটদের পাতা অংকুর মেলায় ছড়া লেখার মাধ্যমেই সাহিত্যের আকাশে চলাফেরা শুরু। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার।
----
রক্তচোষা ভূত
মেধাবী তরুণ লেখক ইকবাল খন্দকারের ভৌতিক উপন্যাস ‘রক্তচোষা ভূত’। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য ১৩৫ টাকা। এবারের বইমেলায় ইকবাল খন্দকার মোট ৪টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে একটি বই বড়দের উপযোগী। আর বাকি তিনটি কিশোরদের উপযোগী। বড়দের উপযোগী বইটির নাম ‘তরুণী তখন ঘরে একা।’ এটি একটি উপন্যাস। উপন্যাসটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। কিশোরদের উপযোগী তিনটি বইয়ের মধ্যে একটি হলো কিশোর থ্রিলার।
----
ভালোবাসার ১০০ লিরিক
এবারের বইমেলায় জগলুল হায়দারের লেখা ‘ভালোবাসার ১০০ লিরিক’ প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। বইটিতে ছড়াকার নির্ভেজাল ১০০টি ভালোবাসার লিরিক উপহার দিয়েছেন। এ ছাড়া লেখকের আরও শিশুতোষ ছড়ার বই ‘বিকেলখেকো টাওয়ার’ বেরিয়েছে প্রিয়মুখ থেকে। এই সময়ের জনপ্রিয় ছড়াকার জগলুল হায়দার জাতীয় দৈনিক ও বিভিন্ন পত্রিকা-ম্যাগাজিনে লেখালেখির বয়স মাত্র এক যুগ পার করেছেন। এরই মাঝে ‘নতুন স্লোগান’ কিংবা ‘ছাগলশুমারির মতো’ অসংখ্য পাঠকনন্দিত ছড়া লিখে পৌঁছে গেছেন খ্যাতির শীর্ষে।
