বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী মেয়র বাসায়ের ওসমান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৪
যে বয়সে একজন কিশোরীর পড়ালেখা, গান শোনা, ঘুড়ে বেড়ান এবং অভিভাবকদের তত্ত্বাবধায়নে বেড়ে ওঠাসহ আরো নানাভাবে সময় কাটানোর কথা সেই বয়সে কোনো কিশোরী যদি রাষ্ট্রের বড় কোনো দায়িত্বে নিয়োজিত থেকে মানুষের অভিভাবকত্ব গ্রহণ করেন তবে তা সকলের কাছে নিশ্চয়ই বিস্ময়কর ঘটনা। ফিলিস্তিনের কিশোরী ১৫ বছর বয়সী ‘বাসায়ের ওসমান’ হচ্ছেন তেমনই একজন কিশোরী মেয়র। বাসায়ের বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়র যিনি ফিলিস্তিনের ছোট একটি শহর আলাবের মেয়রের দায়িত্ব পালন করছেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে, অশান্ত ফিলিস্তিনের ধকল এবং পড়ালেখার চাপ সামলেও অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন কিশোরী বাসায়ের। সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি বিশেষ বৈঠক ডাকা হয় যেখানে বিভিন্ন দেশের আইন প্রণেতাদের পাশাপাশি বাসায়েরও উপস্থিত ছিলেন। বৈঠকটিতে নগর জীবনের নানা সমস্যা সমাধানের আলোচনায় তরুণদেরকে সম্পৃক্ত করার কথা জানান বাসায়ের। কারণ কোন প্রকল্প বা ভাল কাজের সুফল অর্জনে তরুণদের ভূমিকাই প্রধান বলে মনে করেন বাসায়ের। যার বাস্তব প্রমাণ বাসায়ের নিজেই। যদিও বাসায়ের মাত্র দুই মাসের জন্য মেয়রের দায়িত্ব পালন করেন, তথাপি একজন কিশোরীর পক্ষে তা যেন রীতিমত বড় ধরনের একটি চ্যালেঞ্জ। বাসায়ের ভবিষ্যতে নিজেকে একজন জননেতা হিসেবে গড়ে তুলতে চান।