অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে উখিয়া গয়ালমারা খালের উপর নির্মিত স্লুইস গেট দিয়ে পানি প্রবাহিত হতে না পেরে ভাঙ্গছে জনবসতি। বর্তমানে শতাধিক পরিবার ভাঙ্গনের মুখে আতংকে দিন যাপন করার অভিযোগ উঠেছে।
গত শনিবার খালের ভাঙ্গনে ঝুঁকির মুখে বসবাসরত পরিবারগুলোর বসতভিটা প্রত্যক্ষ করে দেখা যায়, স্লুইস গেইটের পাশ দিয়ে বসতভিটা ভেঙ্গে নতুন করে আরো একটি খালের গতিপথ সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাহমুদুল হক ও আব্দুর রহমান জানান, উক্ত স্লুইস গেইট দিয়ে পানি প্রবাহিত হতে না পেরে তাদের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। আগামী বর্ষা মৌসুমের যে কোন সময়ে তাদের বসতবাড়ি নদীগর্ভে চলে গেলে তাদের আর কোন আশ্রয়স্থল থাকবে না বলে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক চৌধুরী বলেন, এতে সরকারের ২৭ লক্ষ টাকা পানিতে ভেসে গেছে বলে তিনি মন্তব্য করেন।
বিএডিসির উপজেলা প্রকৌশলী আবুল কাশেম জানান, স্লুইস গেইটের কারণে যে সমস্ত বসতভিটায় ভাঙ্গন ধরেছে সেগুলো তাদের অর্থায়নে সংস্কার করে দেয়া হবে।
