দুই বাঙালিকে অপহরণ

তিন পার্বত্য জেলায় আজ হরতাল ডেকেছে বাঙালি ছাত্র পরিষদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
বাঙালি যুব পরিষদের প্রচার সম্পাদকসহ দুইজন অপহরণের প্রতিবাদে আজ সোমবার বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। শনিবার প্রেসক্লাবের সামনে বাঙালি নেতা অপহরণের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচি পালনকালে বাঙালি ছাত্র পরিষদের নেতারা এই ঘোষণা দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি কামরান ফারুক, সমঅধিকার পরিষদের নেতা আতিকুর রহমান, মোহাম্মদ হোসেন, বাঙালি ছাত্র পরিষদের নেতা আবদুল কাইয়ুম, আবদুর রহিমসহ বাঙালি নেতারা। বক্তারা বলেন, অপহূতদের মুক্তির দাবিতে আজ সোমবার বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা। গত ৫ ফেব্রুয়ারি বান্দরবান সদর উপজেলার হেডম্যানপাড়া থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা ইমরান হোসেন এবং আবদুল হামিদ নামে দুইজন বাঙালি যুবককে অপহরণ করে নিয়ে যায়। অপহূতদের মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।