গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট-এর কাছে শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের পক্ষ থেকে স্মারকরিপি দেয়া হয়েছে। শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ডা. ইমরান এইচ সরকার আবদুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয়টি দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন। স্পিকার বলেছেন, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের নিকট স্মরাকলিপি পৌঁছে দেয়া হবে।
ডা. ইমরান এইচ সরকার-এর নেতৃত্বে পাঁচজন ব্লগার প্রথমে স্পিকারের কার্যালয়ে গিয়ে তার সাথে সাক্ষাত্ করেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে যে আন্দোলন শাহবাগ মোড়ে গড়ে উঠেছে সে সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। এ ব্যাপারে স্পিকারের সাথে আলোচনা করে ব্লগার প্রতিনিধি দল সহায়তা চান। এরপরই ছয় দফা দাবি সম্বলিত স্মরাকলিপি স্পিকারকে প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে আবদুল কাদের মোল্ল¬াসহ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা।
এছাড়াও যেসব রাজনৈতিক দল, ব্যক্তি, শক্তি ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে জামায়াতের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক প্রতিষ্ঠানের অর্থের উত্স খুঁজে বের করে বন্ধের দাবি জানানো হয়। স্পিকারের নিকট প্রতিনিধি দল ১৯৭৫ সালের পর সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যে সমস্ত যুদ্ধাপরাধী রাজাকার আলবদরকে ছেড়ে দেয়া হয়েছে তাদেরকে পুনরায় গ্রেফতার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে।
