আপনার শিশু

সোনামণির বসন্ত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
পোশাকে বসন্তের ছোঁয়া লেগেছে সবখানেই। আর আপনার ছোট্ট সোনামণিকে বসন্তের সাজে সাজিয়ে তুলতে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে নানা সাজে। অঞ্জন’সের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার শাহীন আহাম্মেদ বলেন, ‘আমাদের বেশির ভাগ পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক সুতি ও নিট সুতির ওপর। বসন্তের ফুল, লতাপাতা প্রাধান্য পেয়েছে ছেলে শিশুদের টি-শার্ট আর ফতুয়ায় এবং মেয়ে শিশুদের জন্য লাল-হলুদের ফ্রক আর ফতুয়াতেও। তারামার্কা’র কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার অভিজিত্ চৌধুরী বলেন, ‘শিশুদের জন্য আমরা এবার বাসন্তী রঙের নানা পোশাকের আয়োজন করেছি।’ নগরদোলার ফ্যাশন ডিজাইনার আলী আফজাল নিকোলাজ বলেন, ‘ছোট্ট সোনামণিদের জন্য এবার করা হয়েছে বাসন্তী ও সাদার রঙের নানা পোশাক। লাল, বাসন্তী ও কমলা রঙের পাঞ্জাবি, ফতুয়া আর ফ্রক। এ ছাড়া বসন্তের ফুলের রঙের সালোয়ার-কামিজ তো রয়েছেই।’ বসন্তকে বরণ করতে ফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ সেজেছে বহুবর্ণ সাজে। লাল নীল হলুদ সবুজ সব রং ভিড় করেছে লাল সাদা নীল হলুদের পোশাকে। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। প্রতিটি পোশাকে উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে। মেয়ে শিশুদের জন্য রয়েছে শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবি। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি। মেয়েদের পোশাকের সঙ্গে মানানসই অলঙ্কারও পাওয়া যাবে বসন্তের এই আয়োজন থেকে। লাল সাদা নীল হলুদের নিজস্ব ডিজাইনের এসব পোশাক ও অলঙ্কারগুলো পাওয়া যাবে তাদের সব আউটলেটেই। এ ছাড়া অন্যান্য ফ্যাশন হাউসগুলোতেও আপনি শিশুদের জন্য পাবেন পছন্দসই বর্ণিল সব পোশাক।