স্পোর্টস ডেস্ক
দাঁতে ব্যথা ছিল। সেটা সারাতে গিয়েছিলেন রাওয়ালপিন্ডির এক ডেন্টিস্টের কাছে। সেখান থেকে দাঁতের ব্যথা সারিয়ে ফিরলেও নতুন এক উত্পাত নিয়ে ফিরেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। কিন্তু সেখান থেকে ফিরেছেন হেপাটাইটিসের ভাইরাস নিয়ে। যথেষ্ট পরিমাণ পরিষ্কার যন্ত্র নিয়ে দন্ত চিকিত্সা না করায় এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।
আর এই ভূতুড়ে কারণে বিশ্বকাপটাই মিস করে বসতে পারেন তিনি। ২০ বছর বয়সী এই ক্রিকেটার আপাতত তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটায় খেলতে পাচ্ছে না। যুক্তরাজ্যেই প্রাথমিকভাবে তাকে ডাক্তার দেখানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক কেনেডির কাছে শাদাবকে পাঠানো হয়। পরীক্ষা শেষে কেনেডি শাদাবকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। দুই সপ্তাহ বিশ্রামের পর শাদাবের আবার রক্ত পরীক্ষা করানো হবে। তারপরই তার বিশ্বকাপ ভাগ্য ঠিক হবে।
২০১৭ সালে অভিষেকের পর ৩৪টি ওয়ানডেতে ৪৭টি উইকেট পাওয়া শাদাব বিশ্বকাপে না খেলতে পারলে নিঃসন্দেহে সেটা বড় দুঃসংবাদই হবে সরফরাজ আহমেদের দলের জন্য। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে।
