লিগকেই প্রাধান্য দিচ্ছে লিভারপুল

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:২২

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার মাঠে ৩-০ গোলের হারের প্রভাব প্রিমিয়ার লিগে পড়ুক, তা চান না লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। আজ রাতে নিউক্যাসলের মাঠে নামার আগে এ অভিমত জানান তিনি। 

লিভারপুলকে ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে ফিরতি লেগে বার্সেলোনাকে কমপক্ষে চার গোলের ব্যবধানে হারাতে হবে। সে চ্যালেঞ্জ নেওয়ার আগে ক্লপের দলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আশায় নিউক্যাসলের বিপক্ষে খেলতে হবে। এই ম্যাচে পয়েন্ট হারালেই ২৮ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের আশার সলিল সমাধি ঘটবে।

কোচ ক্লপ অবশ্য সমান ম্যাচে এক পয়েন্টে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে চাপে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘শেষ ম্যাচ নিয়ে বেশি সময় ধরে ভাবতে পারি না আমরা। এটা করতে পারতাম, ওটা করতে পারতাম ভাবার সময় নেই আমাদের। সে ম্যাচের দুটো জিনিস নিয়েই কেবল ভাবতে পারি আমরা। সেগুলো হচ্ছে ফলাফল আর পারফর্মেন্স। সেখান থেকে অনেক কিছু নিতে পারি আমরা।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ব্যাপারটা এমন নয়। এর সমাধান বের করতে হবে আমাদের কিংবা চেষ্টা করতে হবে। সেটা মঙ্গলবার (ফিরতি লেগে) করতে হবে, এখন নয়। যখন আমরা ঘরে ফিরে এসেছি, সবকিছু ঠিকই ছিল। ছেলেরা পুরোপুরি নিউক্যাসল ম্যাচেই মনোযোগ দিয়েছে।’

নিউক্যাসলের মাঠে কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে বলে ধারণা ক্লপের। তিনি বলেন, ‘এখন আমাদের হাতে ২০ ঘণ্টার মতো সময় আছে। একটা অনুশীলন সেশন পাবো আমরা। এবং তারপর নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য তৈরি হতে হবে। এটা সম্পূর্ণ ভিন্ন এক ম্যাচই হতে যাচ্ছে।’

জার্মান এই কোচ আরও বলেন, ‘এটা কঠিন এক ম্যাচ। নিউক্যাসল এখন ভালো ছন্দেই আছে। রাফা (রাফায়েল বেনিতেজ) ও নিউক্যাসল নিশ্চিতভাবেই মনে করেছে যে এখনো তারা লিগের লড়াইয়ে আছে। তারপর থেকেই দারুণ খেলছে তারা। শেষ কয়েক সপ্তাহে বেশ কিছু ম্যাচ জিতেছে তারা।’

জার্মান ক্লপ জানালেন এমন ঠাসবুনোটের সূচি তার দলের জন্য নতুন কিছু নয়। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য নতুন নয়। মৌসুমের শেষভাগে আমরা প্রায়ই এমন পরিস্থিতিতে পড়ি। এটাই আমরা চাই। ব্যাপারটা ভালোই।’