ঢাবি এলাকায় টয়লেটের অব্যবস্থাপনা ও তীব্র সংকট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ অধিকাংশ জায়গায় টয়লেটের অব্যবস্থাপনা ও তীব্র সংকট দেখা দিয়েছে। প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য ছাত্র-ছাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জানা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শাখায় প্রতিদিন এক হাজার জনেরও বেশি ছাত্র-ছাত্রী সাধারণত সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত অধ্যয়ন করে। এ বিশালসংখ্যক ছাত্র-ছাত্রীর জন্য এ শাখায় টয়লেট ও প্রশ্রাবখানা রয়েছে যথাক্রমে ১১টি ও ৭টি, যা মোটেও পর্যাপ্ত নয়। প্রাকৃতিক কাজ সম্পন্ন করার পর সাবান দিয়ে হাত ধোয়া জরুরি কিন্তু বেসিনে নিয়মিত সাবান সরবরাহের ব্যবস্থা নেই। ফলে অস্বস্তিতে পড়ে ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, অধিকাংশ সময় কলাভবনসহ অন্যান্য জায়গায় টয়লেটগুলো নোংরা থাকে। ওপরতলায় টয়লেটগুলোর নোংরা পানি মাথার উপর চুঁইয়ে পড়ে। অনেক টয়লেটে দরজা আটকানোর ছিটকিনি নেই—ফলে একজনকে পাহারদার রাখতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উল্লেখিত সমস্যা খুবই দুঃখজনক। সমস্যাটি আশু সমাধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আবদুর রহিম, মির্জা সামিউল আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।