চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার চমক সৃষ্টি করেছেন সমমনা পরিষদের প্রার্থীরা। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৮টি সম্পাদকীয় পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন তারা। এছাড়া ১০টি নির্বাহী সদস্য পদের মধ্যে দু’টিতে জয় লাভ করেছেন সমমনার আইনজীবীরা। ১০৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট চন্দন দাশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সাইফুদ্দিন আহমেদ চৌধুরী পেয়েছেন ৫৭৬ ভোট। এছাড়া ৭৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের এনামুল হক পেয়েছেন ৭০৫ ভোট।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ সিনিয়র সহ-সভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও চারটি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতিসহ দু’টি সম্পাদকীয় ও চারটি নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন।
