প্রবাসী বাংলাদেশিদের একাত্মতা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৩
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল সারাদেশ। শাহবাগের গণজাগরণের আগুন শুধু দেশের সীমানার মধ্যে নেই, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে থাকা বাংলাদেশিদের মধ্যে। এই গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন হাজারো মাইল দূরত্বে থাকা বাংলাদেশিরা। মেলবোর্ন থেকে নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন প্রান্তের বাংলাদেশিদের একটাই দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি। ঢাকার শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশাল সংহতি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে নগরের জ্যাকসন হাইটসে রবিবার বেলা তিনটায় এ সমাবেশ হয়। নানা বয়সী প্রবাসী বাঙালিরা রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ও জামায়াতে ইসলামী সমর্থিতদের প্রতিষ্ঠান বর্জনের কথা লেখা ছিলো। প্লাজা পার্কে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সংহতি সমাবেশে বলা হয়, শাহবাগ চত্বরে জেগে ওঠা প্রজন্মের সঙ্গে আমরা একাত্ম। জনগণের এ জাগরণ আর কেউ থামাতে পারবে না। সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ, মিথুন আহমেদ, মোজাহিদ আনসারী, শাহীদ দেলওয়ার, লুত্ফুন্নাহার লতা, নুরুজ্জামান সর্দার, শিহাবউদ্দিন প্রমুখ। দীর্ঘ ৪০ বছর পর যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল, রাষ্ট্রপক্ষকে আরো শক্তিশালী করা এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়ে গত রবিবার মেলবোর্নের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ার সংলগ্ন এঞ্জেল স্ট্যাচু প্রাঙ্গণে এক সমাবেশে তিন শতাধিক মেলবোর্ন প্রবাসী বাঙালি একত্রিত হন। সমাবেশে গণজাগরণের সাথে সংহতি প্রকাশ করে এসব দাবি তুলে ধরা হয়। শনিবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কানাডার টরন্টোস্থ প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত সমাবেশে ড্যানফোর্থের বাংলাপাড়া হয়ে ওঠে মিনি শাহবাগ। মুখরিত হয়ে ওঠে চারদিক। শান্তিপূর্ণ এবং প্রতিবাদী সমাবেশে অংশ নেন সর্বস্তরের মানুষ। তুষারপাতের তীব্র শীত উপেক্ষা করে শিশু-কিশোর, নারী-পুরুষ ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানান তারা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জার্মানিতে বসবাসরত বাঙালিরাও। রবিবার জার্মানির দু’টি শহরে শাহবাগের দাবির প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশ করা হয়েছে। রবিবার ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের এসেন ক্যাম্পাসে ও ফ্রাঙ্কফুর্ট শহরে এ সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়। এছাড়া যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টরেন্টো, স্টুটগার্ট, লন্ডন এবং মস্কোর প্রবাসী বাংলাদেশিরাও। তারা গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।