শাহবাগ আন্দোলনকারীদের জন্য এনায়েতপুর গ্রামবাসী তৈরি করছে তেলের পিঠা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৭
ঢাকার শাহবাগ গণজোয়ারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্বাধীনতার স্বপক্ষের দরিদ্র মানুষেরা। তবে ইচ্ছা থাকলেও নানা পেশার কারণে তারা সেখানে অংশগ্রহণ করতে পারেনি। তাই কয়েকজন মিলে গতকাল সোমবার সিদ্ধান্ত নেয় এই গণজোয়ারে অংশগ্রহণের। তবে কিছুটা হলেও ভিন্নভাবে যোগ দেবে তারা। আর তা হলো সামর্থ অনুযায়ী শাহবাগে অংশগ্রহণকারী কিছু মানুষের মুখে খাবার তুলে দেয়া। খাবারের মেনুতে তারা রেখেছেন শীতের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়ে তৈরি তেলের পিঠা। এজন্য কেনা হয়েছে ৪ মণ আতপ চাল, ২ মণ গুড়, নারিকেল ও দেড় মণ সয়াবিন তেল। আজ মঙ্গলবার সকাল থেকে এনায়েতপুরের কেজির মোড়ের কিশলয় কিন্ডার গার্টেন স্কুলে তৈরি হবে প্রায় ৩ থেকে-সাড়ে ৩ হাজার পিঠা। বৃহস্পতিবার নাগাদ এই পিঠা শাহবাগের সমাবেশে পৌঁছে যাবে। শাহবাগের গণজোয়ারে অংশগ্রহণকারীদের জন্য এনায়েতপুরের গ্রামবাসীর একটি অমূল্য প্রয়াস। এ কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরে মহান আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি কামনা করলেন উদ্যোক্তা আখতারুজ্জামান তালুকদার, আমিনুল ইসলাম আলামিন, স্বপন মির্জা ও সিরাজুল আলম মাস্টার। তারা জানান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা দেশের নিরাপরাধ মানুষকে হত্যা, নির্যাতন করে লুটপাট চালিয়েছে তারা মানুষ নয়, কাফের। তাই এই যুদ্ধাপরাধীদের অবশ্যই কঠিন শাস্তির আওতায় আনতে হবে।