হয়তো দীর্ঘ কোনো ভ্রমণে বেড়িয়েছেন আপনি। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো তেমন একটা গরম অনুভব করছিলেন না। তাই বাড়তি এক পরত কাপড় গায়ে চরিয়েই রওনা হয়েছিলেন গন্তব্যে। কিন্তু দিন বাড়ার সাথে সাথে যখন তাপমাত্রার পারদটাও একটু একটু করে চরতে শুরু করলো তখন খানিকটা অস্বস্তিই বোধ করতে শুরু করলেন আপনি। বলা বাহুল্য, এ ধরনের সমস্যায় হর হামেশাই পড়তে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নানা প্রয়োজনে ভ্রমণে বেরুনো মানুষদের। বিশেষ করে এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় তাপমাত্রার এই তারতম্য প্রায়শই বিপদে ফেলে দেয় ভ্রমণকারীদের। আর ভ্রমণে বের হওয়া মানুষদের এই অসুবিধা দূর করতেই এবার চমকপ্রদ এক পোশাক উদ্ভাবন করেছে ট্রাভেল সুপার মার্কেট নামের একটি অনলাইন প্রতিষ্ঠান। এই সংস্থাটি সম্প্রতি তাদের পণ্য তালিকায় উইন্টার সান ট্রাভেল আউটফিট নামের যে পোশাকটি নিয়ে এসেছে সেটিকে অনায়াসেই শীত কিংবা গরমে পরিধান করা যাবে। আর এজন্য এই পোশাকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা খুব সহজেই কয়েকটি অংশজুড়ে দিয়ে বা আলাদা করে একটি পোশাককেই তিন ধরনের পোশাকে রূপান্তরিত করতে পারেন। এর মধ্যে পরিপূর্ণ অবস্থায় এই পোশাকটি রূপ নেয় টুপি বা হুড সহ একটি গরম জ্যাকেটে। তবে এ অবস্থায় পোশাকটি যিনি পড়ে আছেন তার যদি খানিকটা গরম অনুভূত হয় তাহলে তিনি পোশাকের কয়েকটি অংশ আলাদা করে খুব দ্রুতই পোশাকটিকে হাতাকাটা পোশাকের মতো বানিয়ে নিতে পারবেন। এ সময় জ্যাকেটের হাতাগুলোকে একটি কাঁধে ঝোলানো ব্যাগে রূপান্তরিত করে তা কাঁধে ঝুলিয়ে নেওয়া যাবে। আর কোনো কারণে যদি এর চেয়েও বেশি গরম অনুভূত হয় তাহলে এই পোশাকটিকে আরও খানিকটা সংক্ষিপ্ত করে রূপ দেওয়া যাবে স্ট্র্যাপলেস ড্রেস ও মিনিস্কার্টে। এদিকে মজার এই পোশাক ডিজাইন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হলিডে বিষয়ক জনপ্রিয় সাইট ট্রাভেল সুপার মার্কেটের মুখপাত্র বব এটকিনসন বলেন, ‘আমরা এক গবেষণায় দেখেছি যে শতকরা ৫৭ ভাগ ভ্রমণকারীই বিমান থেকে নামার পর যে জায়গায় গিয়েছেন সে জায়গার আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে অস্বস্তি বোধ করেন। তাছাড়া ভ্রমণের সময় কোনো পোশাক পড়া হবে সেটিও অনেককে দ্বিধায় ফেলে দেয়। আর তাদেরকে এই দ্বিধা ও সমস্যা থেকে মুক্তি দিতেই আমাদের নতুন এই পণ্যটি বাজারে ছাড়তে যাচ্ছি আমরা।’
