গত সোমবার যশোরের নওয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী লিপি বেগম (৩০)সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় র্যাব সদস্যরা তার ঘর তল্লাশি করে ২৫ লাখ টাকার হেরোইনসহ নগদ ৪৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব খুলনা-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেনের নেতৃত্বে একটি টিম শিল্প শহর নওয়াপাড়ার মাদক ব্যবসায়ী লিপি বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাজ্ঞী লিপি বেগম, তার স্বামী হিরু মোল্যা (৪৫) ও ঝিকরগাছার আন্দোলপোতা গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে হেরোইন ব্যবসায়ী মাছুম বিল্লাহকে (৩৫) আটক করে। র্যাব সদস্যরা লিপি বেগমের ঘর তল্লাশি চালিয়ে ২৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হেরোইন ও নগদ ৪৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করে। পরে তাদেরকে অভয়নগর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে র্যাবের ডেপুটি এ্যসিসট্যান্ট ডিরেক্টর (ডিএডি) দিলীপ কুমার বাগচী বাদি হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর অভিযোগ, লিপি বেগম স্থানীয় পুলিশ ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত্ এলাকায় হেরোইন ও ফেন্সিডিল সরবরাহ করে আসছিল। এক সময় রেলওয়ে বস্তির বাসিন্দা লিপি এখন নওয়াপাড়ার আকুঞ্জি পাড়ায় আলিশান ভবনের মালিক।
