গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি মো. বোরহানউদ্দিনের (৪৭) সংঘর্ষ ঠেকাতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে গোপালগঞ্জের পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পুলিশের পদস্থ কর্মকর্তারা খুলনা হাসপাতালে ছুটে যান। এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার কাশিয়ানী উপজেলার বাহিরবাগ গ্রামে দুইগ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নিলে কাশিয়ানী থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে শান্ত করেন। এরপর তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
