জামায়াত নিষিদ্ধ করতে সংসদে বিল আসছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
দেশজুড়ে চলমান আন্দোলনে উঠে আসা জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সংসদে বিল উত্থাপনের কথা বলেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। শাহবাগের আন্দো-লনকারীদের ডাকে গতকাল বিকালে তিন মিনিট নিরবতা কর্মসূচি পালনের পর তারা সাংবাদিকদের একথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “জামায়াত নিষিদ্ধের বিল সংসদে উপস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। চলতি সংসদে এ বিল উঠবে।” পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী এ কথা বলার সময় তার পাশেই ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তরুণ প্রজন্মের দাবির যৌক্তিকতা স্বীকার করে তিনি বলেন, “এ ব্যাপারে আলোচনা চলছে, এর প্রক্রিয়া চলছে। (বিল আকারে সংসদে উপস্থাপনে) কিছুটা সময় তো লাগবে।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য ঐকমত্য দরকার। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি রয়েছে সিপিবি-বাসদসহ বামপন্থী দলগুলোর। এই দাবিতে তারা গত ডিসেম্বরে হরতালও করে। সিপিবি ও বাসদের হরতালের পর আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মাহাবুবুল আলম হানিফ বলেছিলেন, জাতীয় ঐকমত্য হলে জামায়াত নিষিদ্ধ করা যায়। সম্প্রতি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দুটি রায়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসা এবং শাহবাগের আন্দোলন শুরুর পর এখন দলটিকে নিষিদ্ধের কথা সরাসরি বলছেন সরকারি দলের নেতারা। মাহাবুবুল আলম হানিফ বলেন, “ঐকমত্য এসেছে, এতে অন্যান্য বড় দলেরও সহায়তা প্রয়োজন। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।” নিরবতার কর্মসূচির পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “জামায়াত-শিবিরের রাজনীতি তো আগেই নিষিদ্ধ ছিল। জেনারেল জিয়াউর রহমান তাদের পুনর্বাসন করেছে।”