সৈয়দপুরে বেদখলে পাউবোর ৮ একর জমি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
নীলফামারী জেলার সৈয়দপুরে ৮ একরের বেশি সরকারি জমি বেদখল হয়ে গেছে। ওই জমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সৈয়দপুর বিভাগের। দীর্ঘ ১৩ বছর ধরে ওই ভূমি ব্যবহার করছে না সংশ্লিষ্ট পাউবো বিভাগ। তারা দীর্ঘদিন ধরে ওই জমির খাজনা পরিশোধ করতে পারছে না। এ পরিস্থিতিতে এলাকার প্রভাবশালী ও জমির পূর্বতন মালিকরা ওই জমি দখলে নিয়েছেন। সূত্র জানায়, পাউবো সৈয়দপুর বিভাগ বিগত ১৯৮০-৮১ অর্থ বছরে জেলা প্রশাসকের মাধ্যমে কামারপুকুর মৌজায় কয়েকটি দাগে সর্বমোট ৮ দশমিক ৯ একর জমি অধিগ্রহণ করে। যার এলএ কেস নং- ১/৮০-৮১। সৈয়দপুর শহরের উপকণ্ঠে রংপুর-দিনাজপুর মহাসড়কের কোলঘেঁষে উত্তর পাশে কামারপুকুর এলাকায় ওই জমি অধিগ্রহণ করা হয়। সে সময় অধিগ্রহণকৃত জমিতে পাউবো সৈয়দপুর বিভাগ একটি ইটখোলা গড়ে তোলে। আর ওই ইটভাটায় তৈরি ইট পাউবো দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজে সরবরাহ করা হয়। সূত্র জানায়, পাউবোর নামে অধিগ্রহণ করা ওই জমি সরকারি মালিকানায় ফিরে পেতে গত ৩১ জানুয়ারি জেলা প্রশাসনকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাউবোর নামে বরাদ্দ বাতিল হলে ওই জমিতে এ অঞ্চলের গৃহহীন মানুষের জন্য আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসনের। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস শহীদ বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে তেমন কিছু জানি না। তবুও নিয়মতান্ত্রিকভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধে বিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই জমি পাউবো আর ব্যবহার করছে না। দীর্ঘদিন ধরে তা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে ওই জমি বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।