কাহারোলে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫২

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় বরের সাত দিনের কারাদণ্ড হয়েছে।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ঈশানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর বদলী পাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিম আহমেদ ঈশানপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে উপস্থিত হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামের মো. রাজুর ছেলে মো. রুবেল ইসলামকে (২২) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় বিবাহ নিকাহ্ রেজিস্ট্রার মো. মেসবাউল ইসলাম এবং ছেলের বাবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।