চাঁদপুর জেলার সর্বত্র এবার সরস্বতী পূজা উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। হিন্দু সমপ্রদায়ের দ্বিতীয় বৃহত্ ধর্মীয় উত্সব বিদ্যা দেবী হিসাবে পরিচিত সরস্বতী পূজা এবার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মহল্লা ও পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে। একমাত্র চাঁদপুর শহরেই দুই শতাধিক পূজামণ্ডপ নির্মাণ ও প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, পুরানবাজার হরিসভা মন্দির, গুয়াখোলা মন্দিরসহ প্রায় প্রতিটি মন্দিরে এ পূজা হচ্ছে। বৃহস্পতিবার রাতে অধিবাসের মধ্য দিয়ে প্রতিমা পূজা মণ্ডপে স্থাপন করা হয় এবং আজ শুক্রবার সকাল হতে এ পূজা শুরু হবে।
