‘গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৪
দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি। এই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কোন্ পদ্ধতিতে হবে তা দ্রুত নির্ধারণ জরুরি। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংসদ অধিবেশনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিতার্কিকরা উক্ত কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজন করে। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি যৌথভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মো. আব্দুস শহীদ বলেন, একটি প্রেক্ষিতে তথাকথিত ফর্মুলায় দেশে তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটে। আদালত এই কথিত সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেছে। বর্তমানে নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে। জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সংবিধানেই সুনির্দিষ্ট করা আছে। নতুন করে সরকারের সাথে এ নিয়ে আলোচনার কিছু নেই। মক পার্লামেন্টে ‘জাতি তত্ত্বাবধায়ক সরকার চায় না’ এ বিষয়ে সরকারি দল হিসাবে ঢাকা মেডিক্যাল কলেজ প্রস্তাব উত্থাপন করলে বিরোধী দল আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।