অগ্নিশপথ দিকে দিকে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ যোদ্ধাদের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে মোমবাতি জ্বালিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দেশবাসী। এ নিয়ে ইত্তেফাকের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট। রাজশাহী : রাজশাহী অফিস জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজশাহীর আলুপট্টি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রয়েছে। সন্ধ্যা ৭টায় শাহবাগের আহ্বানে সাড়া দিয়ে প্রজ্বলন করা হয় মোমবাতি। গতকালও অনেকের হাতে মোমবাতির পাশাপাশি স্থান পায় যুদ্ধাপরাধীদের কুশপুতুল। শুরুতে উপস্থিত কিছুটা কম হলেও সন্ধ্যার পর বাড়তে থাকে উপস্থিতি। সিলেট : সিলেট অফিস জানায়, শাহবাগের তরুণ যোদ্ধাদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশের মতো সিলেটেও মোমবাতি প্রজ্বলন করা হয় গতকাল সন্ধ্যায়। এদিকে সিলেট প্রজন্ম চত্বরে প্রতিদিন অসংখ্য ছাত্র জনতা যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। সংহতি প্রকাশ করছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের নেতারা। রংপুর : রংপুর প্রতিনিধি জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বলন করেছে। রংপুর টাউন হলের সামনের সড়কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। লালমনিরহাট : লালমনিরহাট প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি সর্বাত্মক সংহতি প্রকাশ করে গত কয়েকদিন ধরে লালমনিরহাট জেলায় গণসমাবেশ, মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের উদ্যোগে কেন্দ ীয় শহীদ মিনারে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণসমাবেশ, বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়। যশোর : যশোর অফিস জানায়, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যশোরের হাজার হাজার মানুষ ঘৃণ্য রাজাকারদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। সন্ধ্যা ৭টায় অন্ধকার শহরের নানা প্রান্তে হাজার হাজার মানুষ মোমবাতি হাতে রাজপথে নেমে আসেন। কোথাও নীরব কোথাও শ্লোগানে শ্লোগানে রাজাকারদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তারা। নরসিংদী: নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকার শাহবাগ প্রজন্ম চত্বর থেকে দেয়া কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গতকাল সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়েছে। শেরপুর: শেরপুর প্রতিনিধি জানান, কামারুজ্জামানসহ যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবিতে অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর টাউনের থানামোড় বঙ্গবন্ধু স্কোয়ার, বটতলা মোড় এবং নৌহাটা চৌপথীতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা মোমবাতি প্রজ্বলন করে। জয়পুরহাট: জয়পুরহাট প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জয়পুরহাটেও জ্বালানো হলো হাজারো মোমবাতি। সন্ধ্যা ৭টা বাজার সাথে সাথে শহরের পাচুর মোড়ে গণজাগরণ মঞ্চসহ দোকানপাট ও বাসা বাড়ির সামনে এবং রাস্তায় হাজারো মোমবাতি জ্বালিয়ে সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানায়। জামালপুর: জামালপুর সংবাদদাতা জানান, শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বর থেকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সাড়া দিয়ে গতকাল সন্ধ্যা ৭টায় শহরের দয়াময়ী রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন হাজারো মানুষ। ঘড়ির কাটায় ৭টা বাজার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান। গোপালপুর (টাঙ্গাইল): গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গতকাল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় চত্বরে গণজাগরণ মঞ্চে সমাবেশ করে। পরে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন করা হয়। বাকৃবি: বাকৃবি সংবাদদাতা জানান, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য বিজয় ৭১-এ স্থাপিত গণজাগরণ মঞ্চে গতকাল সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত কাদের মোল্লা, নিজামি, গোলাম আযম, সাইদী ও সাকা চৌধুরীসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গতকাল মোমবাতি জ্বালিয়ে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। পীরগাছা (রংপুর): পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রংপুরের পীরগাছায় গতকাল সন্ধ্যা ৭টায় শাহবাগের গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশের সাথে একাত্মতা জানিয়ে এক সাথে জ্বলে উঠে হাজারো মোমবাতি। সেনবাগ (নোয়াখালী): সেনবাগ সংবাদদাতা জানান, নোয়াখালী সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট হাই স্কুল চত্বরে ছাত্র-জনতার গণজাগরণ মঞ্চে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে একাত্মতা ঘোষণা করা হয়েছে। কাপাসিয়া (গাজীপুর): কাপাসিয়া সংবাদদাতা জানান, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বালিয়ে কাপাসিয়ার শত শত আবালবৃদ্ধবনিতা ৭১-এর ঘাতক-দালাল রাজাকারদের ফাঁসির দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, সন্ধ্যা ৭টায় শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মোমবাতি প্রজ্বলন করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে মানববন্ধন করে প্রতিবাদী মানুষ। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী আঃফঃ হক সরকারি কলেজ চত্বরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদী মানুষ। ইসলামপুর (জামালপুর): ইসলামপু জামালপুর সংবাদদাতা জানান, গতকাল স্থানীয় বটতলা চত্বরে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন, কবিতা আবৃত্তি, বেতার ও স্থানীয় শিল্পীদের গণসংগীত পরিবেশন এবং আবু সাইদ বাঙালি-৭১ নৈশ বিদ্যালয়ের ছাত্ররা মশাল জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়।