নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারণা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০১
নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী এক ভিন্নধর্মী প্রচারণা চলানো হয়েছে গতকাল বৃহস্পতিবার। দুইশ দেশে গতকাল বিশ্ব ভালবাসা দিবসে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামে এই প্রচারণা চালানো হয়। এ সময় নাচ ও গানের মাধ্যমে মানুষকে সচেতন করে স্বাক্ষর গ্রহণ করা হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারণা চালানোর জন্য ভারতে এ প্রচারণা ভিন্ন মাত্রা লাভ করে। গত বছর নয়াদিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হয়ে এক মেডিক্যাল ছাত্রী নিহত হওয়ার কারণে দেশটিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। আর এ প্রচারণায় পণ্ডিত রবি শঙ্করের মেয়ে সেতার বাদক আনুশকা শঙ্করও এগিয়ে এসেছেন। তিনি শৈশবে এক পারিবারিক বন্ধুর দ্বারা যৌন নির্যাতনের কথা গতকাল এক ভিডিও চিত্রে প্রকাশ করেছেন। তিনি বলেন, অনেক হয়েছে। আমি জেগে উঠেছি এবং আমার দেশের নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এই প্রচারণার উদ্যোক্তা নারীবাদী নাট্যকার এভ এনসলার। সংগঠকরা বলছেন, একশ কোটি নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য একশ কোটি লোকের সমর্থনলাভ এ প্রচারণার উদ্দেশ্য। গতকালের কর্মসূচিতে নারী সংগঠক থেকে শুরু করে নাট্যকার, শিল্পী, অভিনেতা, শিক্ষাবিদ, নির্বাচিত প্রতিনিধি সবাই অংশ নেন। সিডনি, সিঙ্গাপুর, ম্যানিলা, ওয়েলিংটনসহ বিশ্বের বিভিন্ন শহরে এ কর্মসূিচ পালন করা হয়।