সালমান খুরশিদ আসছেন কাল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৩
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দুইদিনের সফরে আগামীকাল শনিবার ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আমন্ত্রণে যৌথ পরামর্শক কমিশনের দ্বিতীয় বৈঠকে যোগ দিতেই ভারতীয় মন্ত্রীর এই সফর। গত বছরের ২৮ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এই প্রথম ঢাকা আসছেন। অবশ্যই গত বছরের মে মাসে আইন, বিচার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে তিনি ঢাকা সফর করেন। যৌথ পরামর্শ কমিশনের বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা করবেন। শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠক হবে। বৈঠক শেষে আখাউড়া থেকে আগড়তলা পর্যন্ত রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষর হবে। ১৫ কিলোমিটার এই রেলপথ নির্মাণের ব্যয় ২৭১ কোটি রুপী ভারত সরকার বহন করবে। বাংলাদেশ সরকার রেলপথ নির্মাণের কাজ তদারকি করবে। যৌথ কমিশনের বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা, বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত ব্যবস্থাপনাসহ সব ইস্যুর সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হবে। সালমান খুরশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সাক্ষাত্ করবেন। সংসদে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাত্ করবেন।