প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে দেড় লাখ লোক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪২
প্রতিবছর দেড় লাখ লোক ক্যান্সারে মারা যাচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১২ লক্ষ। প্রতিবছর দুই লক্ষ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের ৬ নম্বর মরণব্যাধি হলো এই ক্যান্সার। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে সমপ্রতি রাজধানীর মিরপুরস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা আরো বলেন, বর্তমান অবস্থা চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে দেশের শতকরা ১২.৫ ভাগ মৃত্যুর জন্য দায়ী হবে ক্যান্সার। স্বাস্থ্যসেবাকে জনগণের নাগালে আনতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেজন্য প্রয়োজন সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সহায়তা। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা বেগম দীনা হক। বিশ্ব ক্যান্সার দিবসের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ সৈয়দ ফজলে রহিম (অবঃ)। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞগণ, ডাক্তার, নার্স, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।