গত ৩-৫ ফেব্রুয়ারি এনজিও দ্বারা বাস্তবায়িত সরকারের মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্পের (পিএলসিইএইচডি-২) শিক্ষার্থীদের তৈরিকৃত পণ্যসামগ্রীর ৩দিনব্যাপী মেলা রাজধানীর তেজগাঁওস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এমএম নীয়াজউদ্দিন ৩দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় ২৫টি জেলার ২৫টি এনজিও ২৫টি স্টলের মাধ্যমে তাদের কর্মএলাকার শিক্ষার্থীদের তৈরিকৃত পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করে। অংশগ্রহণকারী এনজিওগুলো হচ্ছে- ডর্প, সিলেট যুব একাডেমী, পাশা, ঢাকা আহছানিয়া মিশন, গ্রাম বিকাশ সংস্থা, আরবান, ঘরনী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রত্যয়, এজাগ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, ইসি-বাংলাদেশ, টিএমএসএস, রিসডা বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, এএসডিও, এসডাপ, বিডিএসসি, স্বনির্ভর বাংলাদেশ, এসকেএস, আরব, সুরভি, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ও রিক। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন এমপি। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোঃ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক এম,এ, মান্নান হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
