ইনানী বীচে চাঁদাবাজদের দৌরাত্ম্যে পর্যটন পরিবেশ বিপন্ন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট ইনানীতে চাঁদাবাজ বখাটেদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। দেশি-বিদেশি পর্যটক ইনানী সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে এসে প্রায়ই চাঁদাবাজ বখাটেদের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সমপ্রতি ইনানী সী-বীচ ব্যবসায়িক সমিতি আয়োজিত প্রীতিভোজ ও বার্ষিক সম্মেলনে সন্ত্রাসী হামলার ঘটনায় এখানকার পরিবেশ কতটুকু পর্যটন বান্ধব, সে সম্পর্কে প্রশ্ন উঠেছে। ইনানী সী-বীচ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছৈয়দ হোসেন অভিযোগ করে বলেন, ইনানী পর্যটন পরিবেশের সার্বিক উন্নয়ন, বিনোদনের ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যটন খাতের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি তারা স্থানীয় ব্যবসায়ী ও সুধী সমাজকে নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করলে সেখানে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা সেখানে ভাংচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ী সমিতির সভাপতি ছৈয়দ হোছনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। হামলায় সমিতির প্রায় ২০ জন সদস্য আহত হন। এ ঘটনায় ছৈয়দ হোছন বাদি হয়ে উখিয়ায় থানায় একটি অভিযোগ করেন। সী-বীচের কর্তৃত্ব, অবৈধ দোকানপাট বসিয়ে ‘টুপাইস কামাই’সহ নানা অনৈতিক কাজে লিপ্ত ওইসব বখাটে সন্ত্রাসীদের সাথে ব্যবসায়ীর সমিতির সদস্যদের মধ্যে চলমান বিরোধের কারণে সেখানকার পর্যটন পরিবেশ বিপন্ন হতে চলেছে। স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জানান, বনিক সমিতির নাম ভাঙ্গিয়ে কতিপয় উচ্ছৃংখল যুবক সী-বীচের কর্তৃত্ব ধরে রাখার জন্য অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এতে পর্যটন পরিবেশ হুমকির মুখে পড়েছে।