বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, যারা শিক্ষক পিটিয়েছে, সেই গুণ্ডাদের সৃষ্টি করেছে দেশের অভিভাবকরা। দেশের নেতারাই এই গুণ্ডাদের বানিয়ে চলেছে। শিক্ষকদের ছোট করে জাতি বড় হতে পারে না। শিক্ষকরা অসহায় হলে জাতির জীবনে অন্ধকার নেমে আসে। সমপ্রতি বরিশালে একটি ছাত্র সংগঠনের কর্মীদের হাতে শিক্ষক প্রহূত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
বৃস্পতিবার সকালে নগরীর খুলশী বিজিএমইএ ভবনে ‘চট্টগ্রামের মাধ্যমিক শিক্ষকদের উদ্ভাবনী প্রশিক্ষণ বিষয়ক সূচনা কর্মসূচি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, মুখস্ত বিদ্যা জ্ঞানের পরিধিকে সংকুচিত করেছে। সৃজনশীল পদ্ধতির শিক্ষা শিক্ষার্থীর জীবনের জানালা খুলে দেবে। আর এ উদ্যোগে বড় ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরাই।
চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) এ কর্মসূচির আয়োজন করে। সহযোগিতায় ছিল পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ স্টোন্টার (পিপিআরসি) ও একে খান ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সিআরআই’র সমন্বয়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান, বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্মকর্তা মুনাব্বের হোসেন বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম শহর ও উপজেলার ৪২টি স্কুলের শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইউনিপে টু ইউর তিন কর্মকর্তার কারাদণ্ড
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউর চেয়ারম্যান শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন এবং এজেন্ট জাফর আলমকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চতুর্থ মহানগর হাকিম আহম্মদ সাইয়েদ এ রায় দেন। একই রায়ে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
