সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলায় মাওলানা শেখ আব্দুস সালামকে গ্রেফতার (শ্যোন এরেষ্ট) দেখানো হয়েছে। তিনি ২১ আগষ্ট মামলায় বর্তমানে কেন্দ্রিয় কারাগারে আটক রয়েছেন। বুধবার সিআইডির সিনিয়র এএসপি ও কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন্নেছা পারভীন হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ আবেদন জানান।
আবেদনে বলা হয়, ঢাকার সাতগম্বুজ মসজিদে বসে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান, তাজুল ইসলাম, মাওলানা শেখ আব্দুস সালাম ও পাকিস্তানের নাগরিক মাজেদ ভাট আওয়ামী লীগ নেতাদের হত্যা পরিকল্পনা করে। এদের মধ্যে তিনজনকে কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হলেও আব্দুস সালামকে গ্রেফতার করা হয়নি। মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আদেশ আবশ্যক। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মোসলেহ উদ্দিন আবেদন শুনানির পর শ্যোন এরেষ্টের আদেশ দেন।
গত ২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক মন্ত্রী কিবরিয়াসহ ৫ জন।
