ভুটানের রাজা-রাণীকে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সংবর্ধনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
ভুটানের রাজা ও রাণীকে গতকাল রাজধানীর সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজা ও রাণী প্রায় দেড় ঘণ্টা বিহারে অবস্থানকালে পূজা অর্চনায় অংশ নেন এবং অতীশ দীপংকর স্মৃতি প্যাগোডা এবং ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোসহ বৌদ্ধ বিহার সংশ্লি¬ষ্টরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় রাজা জিগমে খেসর নামগেয়াল ওয়াংচুক এবং তাঁর স্ত্রী জেসন পেমা ওয়াংচুক মহাবিহারে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। মহাবিহারে প্রবেশ করেই তাঁরা বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাজা ও রাণীর সম্মানে ‘চন্ডালিকা’ নৃত্যনাট্য পরিবেশিত হয়। এরপর রাজা-রাণী বৌদ্ধ বিহারের অতীশ দীপংকর হলে সংরক্ষিত চীন থেকে প্রাপ্ত অতীশ দীপংকরের দেহভস্মের প্রতি শ্রদ্ধা জানান এবং মূল বৌদ্ধ মন্দিরে উভয়ে পূজায় অংশগ্রহণ করেন।