সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
শুক্রবার। কর্মব্যস্ত নগরীর কর্মচঞ্চলতা ছিল না অন্য দিনের মতো। সকালের সড়ক ছিল অনেকটা ফাঁকা। সদরঘাটে লঞ্চ থেকে নেমে অটোরিকশায় করে যাচ্ছিলেন বাড্ডায় গ্রাম থেকে আসা স্ত্রীর সঙ্গে দেখা করতে এক আত্মীয়ার বাসায়। সাথে এক আত্মীয়। হঠাত্ পেছন থেকে দ্রুতগামী বাসের ধাক্কা। আহত হন চালকসহ তিনজন। হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। তিনি হলেন বরিশাল বিভাগের খাদ্য পরির্দশক লিয়াকত হোসেন (৪৫)। এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। রাজধানীর পল্টন মোড়ে। লিয়াকত হোসেন ঢাকায় এসেছিলেন স্ত্রী শাম্মী আক্তারকে বরিশালে নিয়ে যাবার জন্য। পুলিশ জানায়, সকাল তখন সাতটা ছুঁই ছুঁই। লিয়াকত হোসেনকে বহনকারী অটোরিকশাটি পুরনো ঢাকা থেকে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পল্টনের দিকে ছুটছিল। আর মন্ত্রণালয়ের একটি বাস যাচ্ছিল দৈনিক বাংলা থেকে প্রেস ক্লাবের দিকে। পল্টন মোড়ে বাস চালক ট্রাফিক সিগন্যাল না মেনে দ্রুতবেগে এগিয়ে যায়। এসময় আর পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে রাস্তার একপাশে ছিটকে পড়ে অটোরিকশাটি। আহত হন চালক, লিয়াকত হোসেন ও তার আত্মীয় গোলাম কিবরিয়া। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার লিয়াকতকে মৃত বলে ঘোষণা করেন। লিয়াকত হোসেনের গ্রামের বাড়ি বগুড়ায়। তার বাবার নাম আব্দুল আজিজ খান। শাহবাগ থানা পুলিশ জানায়, ঘাতক বাসটির নম্বর জানা গেছে। বাসটি আটক এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে।