উত্তরের প্রাণকেন্দ্র শিল্পনগরী বগুড়ায় গতকাল শুক্রবার মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের গোদারপাড়া ভারী শিল্প মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে গতকাল প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। বিভাগীয় শহরগুলো ছাড়া দেশের শুধুমাত্র দুটি জেলা বগুড়া ও পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি প্যাভিলিয়নসহ মোট ১৪২টি স্টল রয়েছে। পাশাপাশি মেলায় শিশুদের বিনোদনের নানা আয়োজন হিসাবে আছে, মিনি চিড়িয়াখানা, নাগরদোলা, বিভিন্ন রাইডার ও সার্কাস দেখার ব্যবস্থা। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। তবে ৮ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধীরা মেলায় কোন বিনিময় ছাড়াই বলে প্রবেশ করতে পারবে। মেলাটি পরিচালনার দায়িত্ব পেয়েছে মোহনা হাউজিং প্রাইভেট লিমিটেড।
বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। এ সময় জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, বগুড়া চেম্বারের সহ-সভাপতি আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল বক্তব্য রাখেন।
