মিরপুরে জামায়াতের মিছিল, সংঘর্ষ গাড়ি ভাংচুর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় গতকাল শুক্রবার মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর দুপুর ২টার দিকে শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় জামায়াত-শিবিরের শতাধিত নেতা-কর্মী মিছিল বের করে। মিছিলকারীরা যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তি, ট্রাইব্যুনাল ভেঙে দেয়াসহ সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে মিছিলকারীরা হঠাত্ করেই প্রধান সড়কে উঠে বিক্ষিপ্তভাবে ২/৩টি গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় মিছিলকারীরা একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছলে আগুন দিতে যাওয়া মিছিলকারীরা সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লিরা চারদিকে ছোটাছুটি করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন। মিরপুর থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ছুটির দিনেও দুই পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। শাহবাগের আন্দোলনে যোগ দিতে আসা লোকজনও আটকা পড়েন। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।