প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকাল ৪টায় রাজধানীতে মগবাজার-মৌচাক (সমন্বিত) ফ্লাইওভার নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করবে।
এলজিইডি সূত্র জানায়, চারলেন বিশিষ্ট এ ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য ৮ দশমিক ২৫ কিলোমিটার এবং এটি নির্মাণে ব্যয় হবে ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৩৭৫ কোটি ২৫ লাখ টাকা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ১৯৬ কোটি ৯৮ লাখ টাকা ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)’র কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। অবশিষ্ট ২০০ কোটি ৪৭ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে।
দু’বছর মেয়াদী মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অভিমুখে যানবাহন চলাচল সহজসাধ্য এবং বিশেষত সাতরাস্তা, এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার রেল ক্রসিং এলাকায় যানবাহন চলাচল ক্ষমতা বৃদ্ধি পাবে।
