ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ২৯ মার্চ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২৯ মার্চ রাজধানীতে জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শুক্রবার দলের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীরসাহেব চরমোনাই। এদিকে গতকালের নির্বাহী পরিষদের বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাস-কালো টাকা নির্ভর রাজনীতি ও বিদেশনির্ভর ক্ষমতা দখলের প্রতিযোগিতায় সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপর চরমভাবে ক্ষুব্ধ। দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম প্রমুখ।