গতকাল রাতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আবারো লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং জামায়াতের হরতাল কর্মসূচি ঘোষণার পর প্রতিদিন সাতঘন্টা কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনকারীরা। ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান এইচ সরকার গতকাল রাতে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে গতকাল শুক্রবার টানা অবস্থানের পরিবর্তে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গতকাল সাতঘন্টা কর্মসূচি ঘোষণা করা নিয়ে আন্দোলনরত বামপন্থী এবং আওয়ামী পন্থীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। বামপন্থীরা ছিলেন লাগাতার আন্দোলনের পক্ষে। এ সময় সাধারণ আন্দোলনকারীরা লাগাতার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। পরে এনিয়ে বৈঠকও হয়। এরই মধ্যে ব্লগার রাজীবের খুনের সংবাদ আসায় তাত্ক্ষণিক লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে আহমেদ রাজীব হায়দার খুন হওয়ায় শাহবাগের গণজাগরণ মঞ্চে এক মিনিট নীরবতা পালন করা হয়।
