জৈব সার তৈরির পদ্ধতি জনপ্রিয় করুন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৭
ক’ বছর আগে পটুয়াখালী ভ্রমণকালে রাস্তার দু’পাশে জমিতে (এবং ডাঙ্গায়) ছোট ছোট ঢিবি লক্ষ্য করে আগ্রহ জাগে। সহকর্মীকে জিজ্ঞেস করে জানতে পারি এগুলো জৈব সার তৈরির জন্য করা হয়েছে। এসব ঢিবি করা হয়েছে মাটির প্রলেপ দিয়ে। এসব ঢিবিতে কচুরিপানা রাখা হয়েছে। এগুলো পচে সার তৈরি হবে যা জমিতে ব্যবহার করা হবে। রাজধানী শহর ঢাকার অদূরে কেরানিগঞ্জে গিয়ে একটি বাড়িতে জৈব সার তৈরির পক্রিয়া লক্ষ্য করলাম। বাড়ির আঙ্গিনায় ছোট একটি গর্তে আবর্জনা, কিছু গোবর পচানো হচ্ছে। দ্রুত পচন ধরানোর জন্য আবর্জনায় স্বল্প পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দেয়া হয়েছে। আশেপাশে কয়েকটি বাড়িতেও এ পদ্ধতিতে জৈব সার তৈরি করা হচ্ছে বলে জানালেন কৃষক পরিবারের জনৈক সদস্য। এ ব্যাপারে স্থানীয় কৃষি অফিস সহযোগিতা করছে। এ দু’টো দৃশ্যই ইতিবাচক। কারণ রাসায়নিক সারের উচ্চমূল্য, জমির উর্বরা শক্তিতে বিরূপ প্রভাবের বিপরীতে জৈব সারের রয়েছে ইতিবাচক নানাদিক। কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জৈব সার তৈরির সহজ লাগসই প্রযুক্তি কৃষকদের মাঝে জনপ্রিয় করার ব্যাপারে কার্যকর ভূমিকা নিন। শাশ্বত ওসমান ঢাকা।