দশ টাকায় ‘ফাঁসি’!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
‘১০ টাকায় ফাঁসি’ বিক্রি হচ্ছে প্রজন্ম চত্বরে। সরু ফিতায় লেখা ‘গোলাম আজমের ফাঁসি চাই’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’। এক থেকে দুই হাত লম্বা এই লেখা সম্মিলিত ফিতা বিক্রি হচ্ছে ১০ টাকায়। কিছু তরুণ প্রজন্ম চত্বরে এ ফিতা বিক্রি করে আসছে। শিশু থেকে বৃদ্ধি, নারী-পুরুষ সবাই ঐ ফিতা কিনছে দেদার। ‘ফাঁসি ১০ টাকা’ করে চিত্কার দিলে ক্রেতারা ১০ টাকা বাড়িয়ে দেন। বিক্রেতা হাতে ফিতাটি তুলে দেন কিংবা মাথায় বেঁধে দেন। চত্বরে হাজার হাজার মানুষের মাথায় বাঁধা থাকে এরকম ফিতা। প্রতিটি বিক্রেতার কাছে সারাক্ষণ ফিতা কেনার জন্য ভিড় লেগে থাকে। রফিক, আসলাম, বাবুল, সফিক ও রনি নামের ৫ তরুণ ইত্তেফাককে জানায়, স্যার চাহিদা অনেক। সব সময় ফিতা দিতে পারছি না। জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন রায় ঘোষণার পর পরই গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনতার ঢল নামে। ঐ দিন থেকে এই ফিতার চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় বলে তরুণরা জানায়। দৈনিক ৫শ থেকে এক হাজার কিংবা বেশি গোলাম আজম ও রাজাকারের ফাঁসি লেখা ফিতা বিক্রি হয়ে থাকে বলে তরুণরা জানিয়েছে।