বিএম কলেজে অচলাবস্থা

মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাস উন্মুক্ত করলেন মেয়র হিরণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ রদবদল ঠেকাতে দীর্ঘ ১৭ দিন তালাবদ্ধ ক্যাম্পাস গতকাল শনিবার তালা ভেঙ্গে উন্মুক্ত করেছেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। গতকাল সকালে তিনি মূল ফটকের তালা ভেঙ্গে অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশের সুযোগ করে দেন। এরপর থেকে সেখানে আন্দোলনরত কর্মপরিষদ নেতাকর্মীদের দেখা যায়নি। নির্দিষ্ট সময় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগের প্রধান এবং তার স্থলে অধ্যক্ষ হিসেবে চাখার সরকারি কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে বদলি করা হয়। মন্ত্রণালয়ের এ আদেশ বাতিলের দাবিতে ছাত্রলীগের একাংশ (অস্থায়ী কর্মপরিষদ) নেতারা কলেজের প্রশাসন ভবনসহ মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। ১৪ দিনের মাথায় গত ১২ জানুয়ারি নতুন অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র দত্ত কলেজে আসলে অস্থায়ী কর্মপরিষদের নেতাকর্মীরা প্রকাশ্যে মারধর করে। প্রকাশ্য দিবালোকে অধ্যক্ষকে মারধরের ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে স্থানীয় প্রশাসন ও শাসক দলের নেতারা। ঐ ঘটনার প্রেক্ষিতে দুই অধ্যক্ষকে ওএসডি করা হলেও ছাত্রলীগের একাংশের আন্দোলনে ক্যাম্পাস ছিল অচল। শেষ পর্যন্ত গতকাল সিটি মেয়র শওকত হোসেন হিরন ক্যাম্পাসের গেটের তালা ভেঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ করে দেন।