উপমহাদেশের অন্যতম বৃহত্ ও প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহিলয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহিফল ও দস্তারবন্দী সম্মেলন শুক্রবার লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন জামিয়ার মহাপরিচালক এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, আল্লামা শাহ্ আহ্মদ শফী। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার হাজার বার হোক, তাতে আমাদের কোন আপত্তি নেই, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের নামে আলেম সমাজ, মাদ্রাসা, দাড়ি-টুপি, পর্দা তথা দ্বীন-ইসলামের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রে এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। তিনি সরকারের প্রতি অবিলম্বে ইসলাম, মুসলমান, নামাযী, দাড়ি-টুপিধারীদের বিরুদ্ধে সকল অপতত্পরতা বন্ধের আহ্বান জানান।
সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার উলামায়ে কিরাম ছাড়াও লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আখেরি মুনাজাতে জামিয়া প্রধান দেশের ও বিশ্বের সকল মুসলমানের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
