তৃতীয় অর্থনৈতিক শুমারি-২০১৩ এর মাঠ পর্যায়ে শুমারি অনুষ্ঠানের প্রস্তুতি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য গতকাল শনিবার পাবনার সুজানগরে পাইলট শুমারি উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পাইলট শুমারির উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান। অনুষ্ঠানে আগামী এপ্রিল ও মে মাসে সারাদেশে অনুষ্ঠেয় শুমারির গুরুত্ব এবং শুমারি অনুষ্ঠানের প্রাক্কালে পরিচালিত পাইলট শুমারির প্রয়োজনীয়তাসহ দেশের সার্বিক উন্নয়নে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
