যিনি নিজের ভাষাকে সহজ, প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় গুছিয়ে পাঠকের সামনে তুলে ধরেন তাকেই আমরা সাধারণ অর্থে লেখক বলে থাকি। একজন লেখক বরাবরই তার দৈনন্দিনের দেখা অভিজ্ঞতাগুলো পাঠকের জন্য মেলে ধরেন। লেখকের চিন্তার গতিপ্রকৃতি সব সময়ই থাকে আর দশজন মানুষের মতোই স্বাভাবিক কিন্তু তার দেখার দৃষ্টিটি থাকে অন্যদের থেকে একেবারেই ভিন্ন, একজন লেখক তার জীবন যাপনের পাশাপাশি জীবন উদযাপন করেন ভাবনা এবং লেখালেখির খরস্রোতা নদীতে বৈঠা বেয়ে। অন্যান্যবারের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এই প্রজন্মের লেখকদের বই। তাই এই প্রজন্মের কয়েকজন মেধাবী লেখকদের বই নিয়ে আমাদের এই আয়োজন।
দ্রোহের গান
এবারের একুশে বইমেলায় বেড়িয়েছে দ্রোহের কবিতা নিয়ে খ ম সফিকুল ইসলামের কবিতার বই ‘দ্রোহের গান’। সাঁকুবাড়ি প্রকাশন থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে মাত্র ৭০ টাকায়। মানুষ হিসেবে জন্ম নেওয়ায় সব কিছু মেনে নেওয়ার সীমাহীন ক্ষমতা আমাদের। সব কিছু মেনে নিই। দুর্ঘটনাকে দুর্ঘটনাই বলি, এর পেছনে কারা দায়ী, কীভাবে দায়ী এর কারণ খুঁজতে যাই না। মৌনতাই শুধু প্রতিবাদের ভাষা নয়, সমাজের নানা বৈষম্য, দুরদশার চিত্র ফুটে উঠেছে বইটির কবিতার প্রতিটি পঙক্তিতে। বিক্ষুব্ধ এই সময়ের দাবি মেটাতে কবিতার শব্দচয়নে সোচ্চার কবি গেয়েছেন ‘দ্রোহের গান’।
কোকিলের রাগত স্বর
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে অথির শেরপার কাব্যগ্রন্থ ‘কোকিলের রাগত স্বর’। বইটি প্রচ্ছদ্দ করেছেন ধ্রুব এষ। ঐতিহ্য থেকে প্রকাশিত এই বইটির মূল্য ১২৫ টাকা। কবিতার বিষয় মূলত নিসর্গ আধুনিক জীবন যাপনের অভিজ্ঞতা। কবিতা লেখা সম্পর্কে অথির শেরপা বলেন, ‘নিজের সঙ্গে নিজে বুঝে ওঠার জন্যই কবিতা লিখি। কবিতা মানসিক প্রক্রিয়ার একটি সুউচ্চ স্তর। এই স্বনির্মিত পৃথিবীতে আছে অজস্র রং, আস্বাদন এবং সৌরভের আশ্চর্য কোরাস। আমার বেদনা—ঘোরগ্রস্ততা আমাকে দাঁড় করিয়ে রাখে অনন্তকালের এক দায় থেকে।’
মগডাল বাহাদুর
‘মগডাল বাহাদুর’-এর লেখক শৈশব-কৈশোরের বড় অংশ কেটেছে নাটোরে। বর্তমানে বসবাস রাজশাহীতে। শিক্ষাজীবন শুরু নাটোর পিটিআই স্কুলে। এরপর নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (জিন্নাহ স্কুল) এবং পুঠিয়া পিএন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পাঠ নিয়ে এসএসসি পাস করেন রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে। রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন মাত্র। গল্প এবং শিশুসাহিত্যে কলম চলছে নিয়মিত। পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লিখছেন। তিনি আশা করছেন ‘মগডাল বাহাদুর’ বইটি পাঠকদের আনন্দ দেবে।
সাইলেন্ট কল
একটা কলম বুলেটের মতো ছিদ্র করে দিতে পারে মিথ্যের ফুসফুস। লেখালিখির ক্ষেত্রে এটাই আল নাহিয়ানের বিশ্বাস। স্কুলজীবন থেকে লেখালিখি শুরু। প্রথমে স্কুল ম্যাগাজিন এরপরে বিভিন্ন জাতীয় দৈনিকে। গল্প, ছড়া, কবিতা, গান লিখছেন শুরু থেকেই। তার লেখা গান নিয়ে ‘অন্তর্দ্বন্দ্ব’ নামে একটি অডিও অ্যালবাম মুক্তি পেয়েছে। সম্পাদনা করছেন সাহিত্য ও শিশুসাংবাদিকতা বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা। শিশু সাংবাদিক হিসেবে কয়েক বছর কাজ করেছেন ইউনিসেফ পরিচালিত বার্তা সংস্থা (তত্কালীন) শিশু প্রকাশে।
বৃত্তের ভেতর বাহির
এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে সাইফুল ইসলাম জুয়েলের প্রথম গল্পগ্রন্থ ‘বৃত্তের ভেতর বাহির’। বইটি প্রকাশ করছে ‘প্রিয়মুখ প্রকাশনী’। মূল্য ১০৫ টাকা। এই বইয়ে মোট গল্প রয়েছে একুশটি। এর সবগুলো গল্পই দেশের প্রথম সারির দৈনিক পত্রিকায় ছাপা হয়েছিল। প্রত্যেকটা গল্পই পাঠকের হূদয় নাড়িয়ে দিতে পারবে বলেই লেখকের বিশ্বাস। জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকায় লিখছি। সেখান থেকে বাছাই করে ‘বৃত্তের ভেতর বাহির’ প্রকাশ হলো। উল্লেখ্য, সাইফুল ইসলাম জুয়েল নিয়মিত বিভিন্ন রম্যরচনা, ছোটগল্প লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে।
তরুণী তখন ঘরে একা
দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর এবার প্রেমের ফসল ঘরে তোলার পালা রাহাত আর অপরাজিতার। আর মাত্র কয়েক ঘণ্টা পরই তাদের বিয়ে। হঠাত্ একটা ফোন আসে রাহাতের মোবাইলে। আননোন নাম্বার। রাহাত ফোনদাতার পরিচয় জানতে চায়। কিন্তু পায় না। রাহাত এসব তথ্যের সত্যতা খোঁজার জন্যে হন্যে হয়ে পড়ে। গল্প মোড় নিতে থাকে বিভিন্ন দিকে। এই হলো ইকবাল খন্দকারের লেখা ‘তরুণী তখন ঘরে একা’ উপন্যাসের সারসংক্ষেপ। বইটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। প্রচ্ছদ একেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।
অপারেশন পিওর হাসি
এবারের বইমেলায় বেরিয়েছে ছয় তরুণের ২২টি রম্য গল্প নিয়ে ‘অপারেশন পিওর হাসি’ নামের রম্যগল্প সংকলন। এটি প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা। যৌথক্রমে বইটি লিখেছেন অনন্ত জামান, মুহাম্মদ আসাদুল্লাহ, মাসুদ রানা আশিক, রাজীব কামাল শ্রাবণ, তপু রায়হান ও সাইফুল ইসলাম জুয়েল। এরা সবাই ইত্তেফাকের ফান ম্যাগাজিন ‘ঠাট্টা’র নিয়মিত লেখক। বইটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হবে বলে আশা করা যায়।
আলো অল্পায়ু অনন্ত আঁধার
পাঠসূত্র প্রকাশনী এবারের বই মেলায় নিয়ে এসেছে বিপন্ন বাউলা’র কবিতা নিয়ে বই ‘আলো অল্পায়ু অনন্ত আঁধার’। পাঠসূত্র প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩০ টাকায়। যান্ত্রিক যন্ত্রণার পাশাপাশি জীবনকে এখানে উঠিয়ে আনা হয়েছে অনন্য ও অনবদ্য আদিমতায়, তাই এই কাব্যের ভাষাতে দেখা যায় আলো আঁধার আর রক্তের সিম্ফনিগত খেয়ালি খেলা। মূলত কবিতার বইটি সাজানো হয়েছে ভাবের নিগূঢ়তায় ও নিষ্ঠুর বাস্তবতায় দিয়ে। জন্মান্তরবাদের অধিকৃত সম্ভাবনা ফোটাতে গিয়ে কবি দর্শনকেও অন্ধকারে ছুড়ে ফেলেছেন।
