হবিগঞ্জের মাধবপুরে মাটি কাটাকে কেন্দ্র করে গতকাল রবিবার দুই গ্রামবাসীর সংঘর্ষে কামাল খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহত কামাল খান মাধবপুর উপজেলার বরগ গ্রামের মৃত মর্তুজ আলী খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বরগ গ্রামের তোরাব আলীর ছেলে সুবেদ আলী যৌথ মালিকানাধীন একটি জমির মাটি পার্শ্ববর্তী বুল্লা গ্রামের সনি ব্রিক ফিল্ডে বিক্রি করেন। সনি ব্রিকসের শ্রমিকরা ওই জমিতে মাটি কাটতে গেলে গতকাল সকালে খুর্শেদ আলী বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শ্রমিকদের পক্ষ নিয়ে বুল্লা এবং জমির মালিকদের পক্ষ নিয়ে বরগ গ্রামবাসী গতকাল দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত কামাল খানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
