রাজধানীর খিলক্ষেত থানার বালু নদী থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মাজাহারুল (১৬), জাহিদ (১৭) এবং আজহার (১৮)। রবিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার এসআই আবু তাহের জানান, শনিবার গভীর রাতে ৩শ’ ফুট প্রশস্ত রাস্তা সংলগ্ন বালু নদীতে নিহতরা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। যে স্থান থেকে বালু তোলা হচ্ছিল, সেখানে তারা পড়ে গিয়ে পানিতে ডুবে যান। পরে রবিবার সকালে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
