সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে প্রায় দেড়শ কোটি টাকা আত্মসাত্ করার ঘটনায় ১৭ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসাইন চৌধুরীসহ ১০ জন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট শহীদ হোসেন চৌধুরীসহ ৭ কর্মকর্তা। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক বেনজির আহমেদের নেতৃত্বাধীন একটি দল।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগ রয়েছে গ্রিন প্রিন্টার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে ১৪১ কোটি টাকা আত্মসাত্ করেছে। আর ওই ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ব্যাংক থেকে টাকা আত্মসাতের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
এ প্রসঙ্গে দুদকের একজন কর্মকর্তা বলেন, মেসার্স গ্রিন প্রিন্টার্সের স্বত্বাধিকারী আবুল হোসেন ২০০৫ সালের ৯ নভেম্বর আগারগাঁও শাখায় একটি চলতি হিসাব (নম্বর-৪৯৬) খোলেন। ওই হিসাবের পরিচয়দানকারী ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গৌতম কুমার মিত্র। এরপরই আবুল হোসেনের নামে গ্রিন প্রিন্টার্সের অনুকূলে আগারগাঁও শাখা থেকে ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে প্রায় ১৪১ কোটি টাকা আত্মসাত্ করা হয়। রেকর্ডপত্র সংরক্ষণ ছাড়াই ভুয়া এলসির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের ১৬টি শাখা থেকে ৬৭ কোটি ২৮ লাখ টাকা এবং একোমোডেশন বিলের মাধ্যমে ৭৩ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাত্ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে আত্মসাতের ঘটনাটি ধরায় দুদক অনুসন্ধানে নামে। অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
